বিচার বিভাগ অবশেষে পাচ্ছে পৃথক সচিবালয়। বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের আনুষ্ঠানিক অনুমোদন মিলেছে, যা উচ্চ আদালতের অধীনে পরিচালিত হবে। আগামী সপ্তাহেই ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ–২০২৫’ এর গেজেট প্রকাশ করা হবে।


বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।


এর আগে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।


বৈঠক-পরবর্তী ব্রিফিঙে আইন উপদেষ্টা বলেন, আগামী সপ্তাহের মধ্যেই অধ্যাদেশ জারি করা হবে। এর মাধ্যমে গত দুই থেকে তিন দশক ধরে বাংলাদেশের মানুষের যেই প্রত্যাশা ছিল, তা পূরণ হতে যাচ্ছে। মাসদার হোসেন মামলার রায় পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার চূড়ান্ত ধাপ সম্পন্ন হলো।


উল্লেখ্য, বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করার দাবিতে ১৯৯৫ সালে মামলা করেন বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাসদার হোসেনসহ অন্যান্য বিচারকরা। ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার নির্দেশনা দিয়ে চূড়ান্ত রায় প্রদান করে।


দীর্ঘ ২৬ বছর পর সেই রায়ের অংশ হিসেবে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের অনুমোদন পাওয়া গেল।